সমর্থকদের ভালোবাসা তাতিয়ে দিয়েছে আমাকে: মেসি

 সমর্থকদের ভালোবাসা তাতিয়ে দিয়েছে আমাকে: মেসি


৩৩৩ দিন পর দেশের মাটিতে ফিরলেন লিওনেল মেসি। এস্তাদিও মনুমেন্তাল ছেয়ে গেছে আকাশী-নীল জার্সিতে। একটু পর পর রব উঠেছে একটা নাম ধরেই। মেসি, মেসি, মেসি…এমন ভালোবাসা লিওনেল মেসিকে তাতিয়ে দিয়েছে। প্রায় বছর খানেক পর দেশের মাটিতে খেলতে নেমে দেখিয়েছেন পুরোনো ঝলক। করেছেন দারুণ এক হ্যাটট্রিক। তাতে দলও জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। 


অবশ্য মেসি শুধু হ্যাটট্রিকই করেননি, করেছেন জোড়া অ্যাসিস্টও। তারমানে দাঁড়ায় আর্জেন্টিনার করা ছয় গোলের পাঁচটাতে লিওনেল মেসির নাম জড়িয়ে। তাতে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ফুটমুব বলছে এই ম্যাচে লিওনেল মেসির রেটিং ছিল ৯.৯। ৩৭ বছর বয়সে এমন কিছু অবিশ্বাস্য লাগার কথা। তবে অবিশ্বাস্যকে বাস্তবতায় রূপ দেওয়ার কাজ তো আর্জেন্টাইন অধিনায়ক বহু আগে থেকেই করে আসছেন। সেটি যেন বলিভিয়া ম্যাচে আবারও করে দেখিয়েছেন। 


কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে ফেরার পর মেসি খেলেছেন নিজের সেরা ফুটবল। যার কৃতিত্ব তিনি দিয়েছেন মাঠে থাকা দর্শকদের, 
“এখানে এসে খুব ভালো লাগছে, মানুষের ভালোবাসাটা অনুভব করতে পারছি। তারা আমার নাম ধরে উল্লাস করছে যা আমাকে আবেগী করে দিয়েছে। আমরা সবাই এই মুহূর্তগুলো উপভোগ করি যেটা আমরা বছরের পর বছর ধরে করছি। দলের সবাই এখানে থাকতে উপভোগ করে ,আর্জেন্টাইন মানুষের সামনে খেলতে আনন্দ পায়। জয় পাওয়া আর এমন আবহ মিলিয়ে বেশ ভালো লাগছে।”

বলিভিয়ার সাথে এমন পারফরম্যান্সের পর মেসির উপর সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। উঁকি দিচ্ছে ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা। যদিও মেসি অবসরে যাবেন নাকি খেলাটা চালিয়ে যাবেন তা নিয়ে দেননি পরিষ্কার বার্তা, 
“সত্যি বলতে অবসরে কখন যাবো তার কোনো তারিখ, সময়সীমা কিছুই ঠিক করিনি। আমি শুধু এখন সব কিছু উপভোগ করতে চাই। মানুষের ভালোবাসা ও দলের সাথে থাকতে পেরে আমি খুবই খুশি কারণ প্রতিটা ম্যাচই এখন আমার জন্য শেষ ম্যাচ হতে পারে।”

এই হ্যাটট্রিকের মধ্যে দিয়ে মেসি আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যা নিয়ে গেছেন ১১২তে। ১৩৩ গোল নিয়ে তার উপর আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো

Comments